অভিযানে বহুমুখী তৎপরতা বাড়িয়েছে দুদক : চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, জাতিসংঘের দুর্নীতিবিরোধেী কনভেনশনের অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ। অঙ্গীকার বাস্তবায়নে দুদক দুর্নীতিবিরোধী অভিযানের বহুমুখী কর্মতৎপরতা বাড়িয়েছে। গতকাল সোমবার

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত ‘রিভিউ অব দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশন’-এর ১০ম সেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সরকার দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় দুর্নীতির যেকোনো ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ দুর্নীতি দমন ও প্রতিরোধে বেশ কিছু সফলতা অর্জন করেছে। দেশের ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের কার্যপ্রক্রিয়ায় পদ্ধতিগত অনিয়ম-দুর্নীতির উৎস চিহ্নিত করতে দুদক ২৫টি প্রাতিষ্ঠানিক টিম গঠন করেছে। এসব টিমের সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতা চর্চার বিকাশে দেশের ২৮ হাজার ১৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘ গঠন করা হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের অংশ হিসেবে দেশের ৩ হাজার ৬৫৯টি মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর গঠন করা হয়েছে। এসব সততা স্টোরে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ রয়েছে। তবে সেখানে কোনো বিক্রেতা নেই।

ইকবাল মাহমুদ আরও বলেন, দুদক সমাজের সৎ, মর্যাদাবান এবং চারত্রিক দৃঢ়তাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে দেশব্যাপী ৫৪১টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করেছে। দুর্নীতি সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি হটলাইন-১০৬ চালু করেছে সংস্থাটি। নতুন সাংগঠনিক কাঠামো গ্রহণ করেছে, যা পূর্ববর্তী সাংগঠনিক কাঠামোর প্রায় দ্বিগুণ। এছাড়া কমিশন সম্পদ ব্যবস্থাপনা ইউনিট, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং প্রশিক্ষণ অনুবিভাগ স্থাপন করেছে।