বিশাল বাজেটের তুলনায় বক্স অফিসে একদমই ভালো যাচ্ছে না ‘সাহো’। এরপর কপালে জুটল নকলের তকমা।
ফরাসি পরিচালক জেরোম সাল্লে দাবি করলেন- প্রভাসের নতুন সিনেমাটি আসলে তারই ২০০৮ সালের থ্রিলার ‘লার্গো উইঞ্চের’ নকল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী ‘সাহো’র সাদৃশ্যগুলোর ইঙ্গিত দিয়ে ট্যাগ করে জেরোমকে। এভাবে তিনি দুই সিনেমার মিল সম্পর্কে জানতে পারেন। পরে তিনি ভারতীয় পরিচালককে ঠিকভাবে নকলের পরামর্শ দেন।
এক টুইট বার্তায় জেরোম ভারতীয় সিনেমাটিকে ‘লার্গো উইঞ্চের দ্বিতীয় ফ্রিমেক’ বলেছেন। আরও উল্লেখ করেন, “সাহো প্রথমটির মতোই খারাপ।”
রবিবার জেরোম সাল্লে লেখেন, “লার্গো উইঞ্চের দ্বিতীয় ‘ফ্রিমেক’! এটি প্রথমটির মতোই খারাপ, তাই তেলুগু পরিচালকরা দয়া করে, আপনারা যদি আমার কাজ চুরি করেন তবে নিদেনপক্ষে সঠিকভাবে করুন?” অবশ্য এই অভিযোগ নিয়ে কিছু বলেনি ‘সাহো’র নির্মাতারা।
২০১৮ সালে ভারতীয় পরিচালক ত্রিভিক্রম শ্রীনিবাসের ‘অজ্ঞাতবাসী’ সিনেমায় ‘লার্গো উইঞ্চের’ নকল করার অভিযোগ ওঠে। তখন আইনি নোটিশ পাঠানোর হুমকিও দেন জেরোম।
সুজিতের রচনা ও পরিচালনায় ‘সাহো’তে প্রভাসের নায়িকা হিসেবে আছেন শ্রদ্ধা কাপুর। আরও অভিনয় করেছেন চাঙ্কি পাণ্ডে, মন্দিরা বেদি, জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ, মহেশ মাঞ্জরেকার ও অরুণ বিজয়।
এর আগে ‘সাহো’র একটি দৃশ্য নিয়ে নকলের অভিযোগ তোলেন অভিনেত্রী লিসা রে। যেখানে শিল্পী শিলো শিব সুলেমানের চিত্রকর্মের অনুকরণে সেট তৈরি করা হয়।