বাংলাদেশের ক্রিকেটে রাসেল ডমিঙ্গো অধ্যায় শুরু হয়ে গেছে দিন পনেরো আগেই। এই দক্ষিণ আফ্রিকান কোচ এখন প্রথম অ্যাসাইনমেন্টের সামনে দাঁড়িয়ে। বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের ম্যাচটি মাঠে গড়াবে। যেখানে নিজেকে প্রমাণের দায় ডমিঙ্গোরও। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া পাঁচ দিনের লড়াইটাকে কঠিন পরীক্ষাই মানছেন সাকিব আল হাসানদের নতুন কোচ।
তবে দায়িত্ব নিয়ে যে ক’টা দিন সময় পেয়েছেন, আর সেই সময়ে শিষ্যদের যতটা তৈরি করতে পেরেছেন, তাতে মোটেও অখুশি নন ডমিঙ্গো। আফগানদের কঠিন প্রতিপক্ষ মানলেও শিষ্যরা তৈরি বলে জানালেন তিনি।
মঙ্গলবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ডমিঙ্গো। গেল ক’দিনের কাজ আর আফগান স্পিন নিয়েই বেশি প্রশ্ন শুনতে হলো এই প্রোটিয়ান কোচকে।
প্রস্তুতির কথায় ডমিঙ্গো বেশ তৃপ্তি নিয়ে বললেন, ‘আমি দেখেছি, ছেলেরা শেষ দুই সপ্তাহে অবিশ্বাস্য মাত্রায় পরিশ্রম করেছে। আমি তাদের শক্তিমাত্রা, মনোভাব ও কাজ করার ধরন দেখে মুগ্ধ। আমরা আমাদের নিজস্ব প্রক্রিয়াগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি, একই সঙ্গে অধ্যবসায়ের দিকটা। আমরা আফগানিস্তানের বিপক্ষে চাপ তৈরি করতে চাই। যদি আমরা এই দিকগুলো ঠিকঠাক করতে পারি, অবশ্যই ফলাফল আমাদের পক্ষে আসবে।’
একটা সিরিজের আগে অন্য বড় দলগুলো যেভাবে তৈরি হয়, শেষ ক’দিন বাংলাদেশ সেভাবেই তৈরি হয়েছে এমনটা বললেন ডমিঙ্গো। ‘আমি এর আগে আন্তর্জাতিক দলের সঙ্গে কাজ করেছি। আমাদের শেষ দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে বলব, আমি যেসব দলে কাজ করেছি সেই সব দলের মতোই প্রস্তুতি হয়েছে আমাদের। যা নিয়ে আমি অসন্তুষ্ট নই মোটেও। আমরা জানি আফগানিস্তানের বেশ কিছু ম্যাচ উইনার খেলোয়াড় আছে। আগামী পাঁচ দিন শীর্ষে থাকতে হলে সত্যিই আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’
আফগানরা টেস্ট আঙিনায় পা দেওয়ার পর দুটি টেস্ট খেলেছে। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তুলে নেয় জয়। রশিদ খানের নেতৃত্বে দলটা যে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া থাকবে এটা মেনে নিচ্ছেন ডমিঙ্গো, ‘আফগানরা মাত্রই তাদের টেস্ট অধ্যায় শুরু করেছে। জয়ের জন্য তাই তারা মরিয়া থাকবে। কন্ডিশন যে তাদের জন্য সহায়ক হবে এটাই ভাবছে তারা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার জন্য যেটা কঠিন হয়ে থাকে। তারা আমাদের অবাক করে দেওয়ার জন্যও আত্মবিশ্বাসী।’
আফগান স্পিন যে ভয়ানক হতে পারে সেটি বলতে দ্বিধা নেই ডমিঙ্গোর, ‘আফগানিস্তানের স্পিন আক্রমণ অবশ্যই ভয়ানক। সীমিত ওভারের ক্রিকেটে তাদের বোলিং আক্রমণ কতটা ভয়ংকর হতে পারে সেটি আমরা জানি। দেখুন, এটা সম্পূর্ণ ভিন্ন একটা ফরম্যাট। তবে অবশ্যই তারা আগামী পাঁচ দিন আমাদের জন্য ভয়ংকর।’
তবে আফগানদের মোকাবিলায় প্রস্তুতি আর কৌশলকেই হাতিয়ার মানছেন তিনি, ‘আমাদের অনেক খেলোয়াড় বিপিএলে তাদের স্পিনারদের বিপক্ষে খেলেছে। তাদের নবী-রশিদ খানের মতো স্পিনার আছে। তারা সত্যিই দুর্দান্ত বোলার। তাদেরকে আমরা শ্রদ্ধা করেই খেলতে চাই, একই সঙ্গে তাদের বিপক্ষে কিছু রান করাটাও আমাদের লক্ষ্য থাকবে। এটাই তাদের সেরা বোলারদের উপর চাপ প্রয়োগের একটা উপায় হবে। আমরা জানি এই কন্ডিশনে সেটা বড় চ্যালেঞ্জ হয়ে আমাদের জন্য। তবে আমরা শেষ দুই সপ্তাহে সে জন্য প্রস্তুত হয়েছি।’
টাইগারদের সঙ্গে কাজ শুরুর পর ক্রিকেটারদের ফিটনেসে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ডমিঙ্গো। বিশেষ গুরুত্ব দিয়েছেন পেসারদের ফিটনেস নিয়েও, ‘আমরা তাদের ফিটনেস, শক্তিমত্তা এবং দীর্ঘ স্পেলে বল করার দিকটাতে নজর দিয়েছি। আমি মনে করি বোলারদের ফিটনেসে বেশ উন্নতি হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্পেলে একই ধারায় তারা বল করে যেতে পারবে।’
‘আপনি যদি বিশ্বের সেরা পেস বোলারদের দিকে তাকান, তবে দেখবেন তারা দিনে ১৮-২২ ওভার বল করে যেতে পারে। আমি এটা মনে করি না যে আমাদের তরুণদের সবাই তা করতে সক্ষম। এটা নিয়ে কাজ চলছে।’- যোগ করে বলেন ডমিঙ্গো।