মানিকগঞ্জ সদর উপজেলায় স্টিল মিল শ্রমিক রতন (২৩) হত্যা মামলায় দুই যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকি এ রায় দেন ।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার চরহিজুলী গ্রামে মোজাফফরের পুত্র মাসুদ ও বগুড়া জেলার তারাকান্দি গ্রামের বদিউজ্জামানের পুত্র ছানোয়ার।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৯ মার্চ রাতে মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী গ্রামে বিশু মিয়ার পুত্র বসুন্ধরা স্টিল মিলের শ্রমিক রতন (২২) কে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে সদর উপজেলার দেড়গ্রাম এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে নিয়ে যায় মাসুদ ও ছানোয়ার। সেখানে একটি ভুট্টা ক্ষেতে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে রতনকে হত্যার পর পালিয়ে যায় তারা। যাওয়ার সময় রতনের মোবাইল ফোনটি নিয়ে যায় তারা।
এ ঘটনার পরদিন ১০ই মার্চ সদর থানায় একটি মামলা করেন রতনের বাবা বিশু মিয়া। পরে পুলিশ রতনের মোবাইল ফোন এর সূত্র ধরে আসামি মাসুদ ও ছানোয়ারকে ২০১০ সালে ৫ মে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম আসামি মাসুদ ও ছানোয়ারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন বিচারক।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করে সহকারী সরকারি কৌঁসুলি মথুর নাথ সরকার ও আসামিপক্ষে আনোয়ার হোসেন।