ডাকাতের হামলা ও গণপিটুনিতে নিহত ২

নরসিংদীতে পৃথক স্থানে ডাকাতের হামলায় এবং চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। গত সোমবার রাতে পলাশ উপজেলার সেকান্দরদী ও শিবপুর উপজেলার তেলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন পলাশ উপজেলার সেকান্দরদী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে রেজাউল করিম বিজয় (২০) এবং শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের আবুল হাশেমের ছেলে জাকির হোসেন (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত দেড়টার দিকে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত পলাশের সেকান্দরদী গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে গৃহকর্তা বেলায়েতকে মারধর করে আহত করে লুটের চেষ্টা চালায়। এ সময় তার ছেলে রেজাউল করিম বাবাকে বাঁচাতে এগিয়ে গিয়ে এক ডাকাতকে ঝাপটে ধরলে ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে। রাতেই আহত বাবা-ছেলেকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে রেজাউলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা বেলায়েতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবপুর উপজেলার তেলিয়া গ্রামে সোমবার রাত ৩টার দিকে চোর সন্দেহে গণপিটুনিতে জাকির হোসেন (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।