কালকিনিতে উপজেলা, পৌর ও কলেজ শাখার নবগঠিত কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। গত সোমবার রাত ১০টার দিকে এ ঘটনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলা সদরে পুলিশ মোতায়েন করা হয়। দলীয় সূত্রে জানা যায়, স্থানীয় অডিটরিয়ামে দুই মাস আগে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সম্মেলন করা হয়। পরে গত সোমবার রাত ৯টার দিকে ঘোষণা করা হয় কালকিনি উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নতুন কমিটি।
এ কমিটি ঘোষণার পরপরই স্থানীয় এমপি আবদুস সোবহান গোলাপ সমর্থক পদবঞ্চিত সাবেক কলেজ ছাত্রলীগের আহ্বায়ক পলাশ বেপারী ও সাব্বির সরদারের নেতৃত্বে নতুন কমিটি একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সভা করেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগকর্মীরা দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা পলাশ ও সাব্বির সরদার সাংবাদিকদের বলেন, অযোগ্যদের দিয়ে কমিটি করায় আমরা বিক্ষোভ মিছিল ও আন্দোলন করেছি। আমাদের দাবি, এ কমিটি ভেঙে যোগ্যদের দিয়ে করা হোক।