চাঁদপুরে ধর্ষণের অভিযোগে মো. সোহেল হোসেন (৩১) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহেল শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম।
মঙ্গলবার রাতে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহারাস্তি থানার ওসি মো. শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সোহেল সেনগাঁও গ্রামের বাসিন্দা।
শাহরপাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, উপজেলার এক মেয়েকে (১৮) বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে ধর্ষণ করেন সোহেল। বিয়ের কথা বললে তিনি এড়িয়ে যেতেন। এ ঘটনায় মেয়েটির বাবা ধর্ষণের অভিযোগে শাহরাস্তি থানায় মঙ্গলবার বিকেলে মামলা দায়ের করেন। ঘটনাটি জানতে পেরে ছাত্রলীগ নেতা সোহেল মেয়েটির বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।
ওসি জানান, বুধবার মেডিকেল টেস্টের জন্য মেয়েটিকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।