সারা আলী খানের শারীরিক গড়নের পরিবর্তন- গোপন কোনো বিষয় নয়। সিনেমায় আসার জন্য তাকে অনেক কসরত করতে হয়েছে।
সম্প্রতি পুরোনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাইফ আলী খানের মেয়ে। সেই ছবি নায়িকার পরিশ্রমের সাক্ষী। প্রমাণ করে, তিনি প্রায় অসাধ্যসাধন করেছেন।
২৪ বছর বয়সী সারার এই ছবিতে আরও আছেন মা অভিনেত্রী অমৃতা সিং। সেখানে মা-মেয়ে মধুর বন্ধন উঠে এসেছে। তবে চর্চা হচ্ছে সারার ওজন ঝরানো নিয়ে। কেউ কেউ তাকে অনুপ্রেরণা হিসেবেও দেখছেন।
‘কফি উইথ করণ’-এর সাম্প্রতিক সিজনে বাবার সঙ্গে অতিথি হয়ে আসেন সারা। সেখানে জানান, কিশোরী বয়সে তার ওজন ছিল ৯৬ কেজি। পলিসিস্টিক অভারিয়ান ডিজিজে (পিসিওডি) ভুগছিলেন তিনি। ওজন কমাতে প্রচুর পরিশ্রম ও সার্জারির মধ্য দিয়ে যেতে হয় সারাকে।
এই সেলিব্রিটি কন্যার বলিউড অভিষেক হয় ২০১৮ সালে। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ বক্স অফিসে ভালো ব্যবসা করে। পরের ছবি ছিল রণবীর সিং-এর সঙ্গে ‘সিম্বা’। এই ছবিতে অল্প দেখা গেলেও ব্যবসায়ের নিরিখে সুপার-ডুপার হিট। বর্তমানে ইমতিয়াজ আলীর ছবিতে কার্তিক আরিয়ানের নায়িকা তিনি। শোনা যাচ্ছে এটি সাইফ ও দীপিকা পাড়ুকোনের ‘লাভ আজকাল’-এর সিক্যুয়াল।
এ ছাড়া বরুণ ধাওয়ানের বিপরীতে ‘কুলি নম্বর ওয়ান’ করছেন সারা। পরিচালনায় আছেন ডেভিড ধাওয়ান। যা একই নির্মাতার হিট সিনেমার রিমেক, যাতে এর আগে অভিনয় করেন গোবিন্দ ও কারিশমা কাপুর।