রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া সরকার ভূমিকা রাখবে উল্লেখ করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেছেন, ইতিপূর্বে রোহিঙ্গা সমস্যা নিয়ে আমি মিয়ানমার সফর করেছি এবং মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলেছি। আর এখন দীর্ঘদিন পর হলেও অস্ট্রেলিয়ার একজন মন্ত্রী হিসাবে বাংলাদেশে এসে রোহিঙ্গা শিবির পরিদর্শন করলাম। ক্যাম্পে এসেই রোহিঙ্গাদের সঙ্গে কথা বললাম এবং তাদের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান সহ নানা বিষয়ে জেনেছি। আমি অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে কীভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা যায় সে ব্যাপারে আমার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব’।
বুধবার দুপুরে মন্ত্রী মেরিস পেইন কক্সবাজারের শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। সকাল থেকে উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় অস্ট্রেলিয়া সরকারের অনুদানে পরিচালিত বেশ কিছু শিশু শিক্ষা কার্যক্রম ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এর আগে মন্ত্রী পেইন মঙ্গলবার দুপুরে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালামের সঙ্গে বৈঠক করেন। ৩ দিনের সফরে মন্ত্রী পেইন বাংলাদেশে এসেছেন। প্রথম দুই দিনই তিনি কক্সবাজার সফর করছেন। বুধবার ঢাকায় সমুদ্র অর্থনীতি বিষয়ক এক সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে তার।