আহ! যদি দলে একটা লেগ স্পিনার থাকত। ক্রিকেট বোদ্ধা থেকে সাধারণ দর্শক- সবার মাঝেই এই হাহাকার শোনা যায় প্রায়ই। এই কিছুদিন আগে বিশ্বকাপে প্রতিটি দল যখন লেগ স্পিনার নিয়ে খেলেছে, বাংলাদেশ সেটি পারেনি। মানসম্পন্ন লেগব্রেক বোলারই যে নেই। যা নেই তা নিয়ে আসলে ভাবেন না বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ যে এক দলের স্পিনারদের সঙ্গে আরেক দলের স্পিনারদের লড়াই হতে যাচ্ছে এটা এক রকম অনুমিতই। তুলনা করতে গেল মানের দিক থেকেই কাউকে পেছনে রাখার উপায় নেই। তবে বৈচিত্র্যের কথা বললে লেগ স্পিনারের অভাবটা ফোটে উঠবেই।
আফগান দলে যেখানে রশিদ খান, জহির খানের মতো (চায়নাম্যান) লেগ স্পিনার সেখানে বাংলাদেশের একজন লেগিও নেই। এক সময় জুবায়ের হোসেন লিখনের মাঝে আশা দেখেছিলেন সবাই। যদিও এই লেগি দলে এসে তেমন কিছু করতে পারেনি।
এ নিয়ে সাকিবের মন্তব্য, ‘যদি ওরকম কোয়ালিটি লেগ স্পিনার থাকে, তাহলে প্রয়োজনীয়তা অনুভব করা যায়। যদি না থাকে, তাহলে ফিল করে লাভ কী! আমাদের যারা বোলার আছে, তাদের সামর্থ্য আছে ২০ উইকেট নেওয়ার। ওদের ওপর আমার ও আমাদের পুরো দলের সবার আস্থা আছে, যে অন্তত দেশে ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে।’