টেস্ট চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে ৯ দলেরই, স্বপ্নভঙ্গ আফগানিস্তান-জিম্বাবুয়ের

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) পা রাখার যে স্বপ্ন এতদিন বুনে আসছিল আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড, তাতে বড়সড় এক ধাক্কাই লাগতে যাচ্ছে। ক্রিকইনফোর সূত্রমতে, ইন্দোনেশিয়ার বালিতে আজ রবিবার আইসিসির বোর্ড সভার ঠিক আগমুহূর্তে স্পষ্ট হয়ে উঠেছে যে, আগামী ২০৩১ সাল পর্যন্ত অর্থাৎ ২০২৭-২৯ এবং ২০২৯-৩১, এই পরবর্তী দুটি চক্রেও আগের মতো ৯ দল নিয়েই অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। 

এতে পূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও আরও অন্তত পাঁচ বছর লাল বলের এই বৈশ্বিক আসরের বাইরেই থাকতে হচ্ছে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে।

সাবেক নিউজিল্যান্ড ব্যাটার রজার টুজের নেতৃত্বাধীন আইসিসির একটি ওয়ার্কিং গ্রুপ ১২টি পূর্ণ সদস্য দেশকে নিয়েই এক ডিভিশনে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের সুপারিশ করেছিল। গত এক বছরে এই প্রস্তাবটি বেশ জোরালো সমর্থনও পেয়েছিল। কিন্তু বাণিজ্যিক লাভ-ক্ষতির হিসাব-নিকাশ এবং দ্বিপাক্ষিক সিরিজের জটিলতার কারণে আইসিসি আপাতত বর্তমান কাঠামোতেই অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, কেবল ফাইনাল ম্যাচটি আইসিসি আয়োজন করলেও পুরো চক্রের সূচি ও আয়োজন সদস্য দেশগুলোকেই দ্বিপাক্ষিকভাবে সামলাতে হয়। নতুন দল যুক্ত হলে বাণিজ্যিক মূল্য আদৌ বাড়বে কি না, তা নিয়ে বড় বোর্ডগুলোর মধ্যে সংশয় রয়েই গেছে।

শনিবার বালিতে প্রধান নির্বাহীদের কমিটির (সিইসি) চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা সভায় বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। চ্যাম্পিয়নশিপের বাইরে থাকা তিন দেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড আবেগঘন কণ্ঠে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরে। তাদের মতে, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় তাদের লাল বলের ক্রিকেটের উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া কোনো রেলিগেশন বা প্রমোশন পদ্ধতি না থাকায় সেরা নয়ে ঢোকার কোনো সুযোগই পাচ্ছে না তারা। 

এদিকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেৎসি মোসেকি দল বাড়ানোর পক্ষে জোরালো অবস্থান নিলেও ভারত (বিসিসিআই) ও অস্ট্রেলিয়ার অবস্থান এখনো অস্পষ্ট। অন্যদিকে, ভ্রমণ ও আর্থিক ব্যয়ের কথা ভেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দল বাড়ানোর বিপক্ষেই অবস্থান নিয়েছে। যদিও তিন দশক পর ২০৩০ সালে জিম্বাবুয়ে সফরে গিয়ে ভিক্টোরিয়া ফলসে একটি টেস্ট খেলার পরিকল্পনা চূড়ান্ত করছে ইসিবি।

সব মিলিয়ে আজকের বোর্ড সভায় দল বাড়ানোর পক্ষের শক্তিগুলো শেষ চেষ্টা চালালেও ফলাফল পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে টেস্ট ক্রিকেটের প্রতি জিম্বাবুয়ের প্রবল আগ্রহের কথা মাথায় রেখে (২০২৫ সালে ১০টি ও চলতি বছর ২টি টেস্ট খেলেছে তারা) ১০ দলের টুর্নামেন্টের একটি ক্ষীণ আলোচনার গুঞ্জন থাকলেও, দিনশেষে ৯ দলের কাঠামোই টিকে থাকার প্রবল সম্ভাবনা। একই সাথে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণের ভবিষ্যৎ নিয়ে বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকিনজির করা কৌশলগত পর্যালোচনাও এই সভায় উত্থাপন করা হচ্ছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত