বনশ্রীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর এ ব্লকের একটি বাসা থেকে গতকাল বুধবার সন্ধ্যায় এক গৃহকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সাহিদা আক্ত ার (১৬) নামে ওই গৃহকর্মী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আবদুর রাজ্জাকের মেয়ে।

সাহিদার খালা মুরশিদা আক্তার জানান, দুই ভাই দুই বোনের মধ্যে সাহিদা দ্বিতীয়। পরিবারের সবাই গ্রামে থাকে। দুই বছর আগে সাহিদাকে তিনি দক্ষিণ বনশ্রীর ওই বাসায় গৃহকর্মীর কাজে দেন। মাসে চার হাজার টাকা দিত তাকে। গতকাল মাগরিবের নামাজের পর ওই বাসা থেকে খবর দেওয়া হয়, সাহিদা গলায় ফাঁস দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই বাসায় গিয়ে দেখা যায়, ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে সাহিদা। তার মামাত ভাই শরিফুল ইসলামের অভিযোগ, ওই বাসার লোকজন তাকে প্রায়ই মারধর করত। তার বেতনের বেশকিছু টাকাও আটকা ছিল তাদের কাছে। সাহিদা আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যার পর মৃতদেহ ঝুলিয়ে রাখা হতে পারে।

খিলগাঁও থানার এসআই নিছার উদ্দিন জানান, দক্ষিণ বনশ্রীর এ ব্লকের ১ নম্বর রোডের, এ/৬ নম্বরের ছয়তলা বাসার একটি রুম থেকে সাহিদার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, মৃতদেহটি আমরা ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পেয়েছি। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।