টাঙ্গাইলে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা। বৃহস্পতিবার ভোরে ঘাটাইল উপজেলার সাতকুয়া খাজার চালার গভীর জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাচ্চু মিয়া (৫০) টাঙ্গাইলের সদর উপজেলার পশ্চিম আকুরটাকুর পাড়ার হাউজিং মাঠ এলাকার মৃত তোরাব আলীর ছেলে।
এর আগে গত ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়।
এ ব্যাপারে র্যাব-১২, সিপিসি-৩- এর কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান বলেন, ঘটনার পর অভিযুক্ত বাচ্চু আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সাতকুয়া খাজার চালা পাহাড়ি গভীর জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের কাছে দে্ওয়া হয়।
পুলিশ সূত্র ও মামলার বিবরণে জানা যায়, টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের এক বাসায় বাচ্চু ভাড়া থাকতেন। তিনি বাবুর্চির কাজ করতেন। একই বাসায় ওই শিক্ষার্থীর দাদা-দাদিও ভাড়া থাকেন। শিশুটির বাবা-মা ঢাকায় থাকেন। গত ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে শিশুটিকে বাসায় একা পেয়ে ধর্ষণ করেন বাচ্চু। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাচ্চু পালিয়ে যায়।
বিষয়টি প্রথমে পারিবারিকভাবে সমাধান করার চেষ্টা করলেও সমাধান হয়নি। পরে শিক্ষার্থীকে সোমবার ২ সেপ্টেম্বর রাত ১২টার দিকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মঙ্গলবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। একই সঙ্গে এ দিন ২২ ধারায় ওই শিক্ষার্থী আদালতে জবানবন্দি দেয়।