কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বেসরকারি সংস্থা (এনজিও) শেড’র অফিস থেকে বিপুল পরিমাণ ‘দেশি অস্ত্র’ উদ্ধার করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উখিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম শেড অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকারের সাত হাজার চার শ নিড়ানি, কোদাল, বেলচা, বল্লম, লাঠি, বাট উদ্ধারর করে।
জব্দ মালামাল উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে জমা রয়েছে। এসব ‘অস্ত্র’ বিষয়ে শেড কোনো কাগজ দেখাতে পারেনি বলে প্রশাসন জানায়।
শেড এনজিও সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আইওএম’র অর্থায়নে উখিয়ার রাজাপালং ইউনিয়ন ও জালিয়াপালং ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য এসব জিনিস বানানো হয়েছে।
সম্প্রতি উখিয়ার কোটবাজারের ভালুকিয়া সড়কের একটি কামারের দোকান থেকে ছয় শতাধিক নিড়ানি উদ্ধার করে উপজেলা প্রশাসন। যা বানানোর জন্য র্অথ দেয় এনজিও মুক্তি। এর প্রেক্ষিতে এনজিও ব্যুরোর পক্ষ থেকে মুক্তি কক্সবাজারের ছয়টি প্রকল্প সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
উখিয়ার সহকারী কমিশনার ভূমি ফখরুল ইসলাম বলেন, শেড অফিসে অভিযান চালিয়ে এসব জিনিস উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী র্কমর্কতা নিকারুজ্জামান রবিন চৌধুরী বলেন, এগুলো রোহিঙ্গাদের জন্য নয়, তবে স্থানীয়দের জন্য। শেডের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।