সোনাগাজীতে বাল্য বিয়ে ঠেকালেন প্রধান শিক্ষক

সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউপির এম হাট কে উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালেন প্রধান শিক্ষক মিজানুর রহমান।

জানা গেছে, ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী এক ছাত্রী গত কিছুদিন ধরে শ্রেণিকক্ষে লেখাপড়ায় অমনোযোগী হয়ে যায়। তাকে বিষণ্ন দেখে গতকাল বৃহস্পতিবার সহপাঠীরা প্রশ্ন করলে সে জানায় তার ইচ্ছার বিরুদ্ধে বাবা-মা বিয়ে ঠিক করেছেন। সে পড়াশোনা করতে চায়, এ বিয়েতে সে রাজি নয়। এসব জানার পর সহপাঠীরা তাকে প্রধান শিক্ষক মিজানুর রহমানের কাছে নিয়ে যায়।

প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ছাত্রীর আকুতি শুনে তিনি তার বাবাকে ফোন করে বিদ্যালয়ে আসতে বলেন। পরে বিদ্যালয়ের রেজিস্টার অনুযায়ী ছাত্রীর সঠিক বয়স দেখিয়ে তাদের দীর্ঘ সময় কাউন্সেলিং করে বুঝাতে সক্ষম হন।