দিনের শুরুতেই আফগান শিবিরে তাইজুলের হানা

তিন অঙ্কের সুবাতাস পাচ্ছিলেন আসগর আফগান। দরকার ছিল মাত্র ৮ রান। তাকে সেটা করতে দিলেন তাইজুল ইসলাম। সেঞ্চুরি ছুঁই ছুঁই আফগানিস্তানের এই ব্যাটসম্যানকে উইকেট ছাড়া করে দিনের শুরুতেই বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দিলেন বাঁহাতি এই স্পিনার।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন তাইজুলের করা চতুর্থ ওভারের শেষ বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন আসগর। ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন পাঁচ নম্বরে নামা এই ব্যাটসম্যান। উইকেট ছাড়ার সময় তার নামের পাশে ঝলমল করছিল ৯২ রানের ইনিংস। ১৭৪ বলে খেলা এই ইনিংসে রয়েছে তিন চার ও দুই ছক্কার মার।

আর আটটি রান করতে পারলেই আফগানিস্তানের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত দ্বিতীয় শতক হাঁকাতেন আসগর। চলতি টেস্টের প্রথম দিন দেশটির হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন রহমত শাহ (১০২)।