ইমরান খানের প্রশ্ন

কাশ্মীর ইস্যুতে বিশ্ব সম্প্রদায় নীরব কেন

কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপে বিশ্ব সম্প্রদায়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খান টুইটবার্তায় বলেন, ‘মোদি সরকারের সেনাবাহিনী দ্বারা জম্মু-কাশ্মীরকে অবরুদ্ধ করে রাখার ৩২তম দিন আজ। এই অবরোধের মাঝে ভারতীয় বাহিনী হত্যা করেছে, আহত করেছে (বন্দুকের গুলি দিয়ে), কাশ্মীরি নারী, পুরুষ ও শিশুদের অপব্যবহার করেছে। বহু কাশ্মীরিকে ভারতের বিভিন্ন কারাগারে নেওয়া হয়েছে।’

কাশ্মীরের হাসপাতালগুলোতে মেডিকেল সাপ্লাই শেষ হয়ে গেছে উল্লেখ করে ইমরান খান বলেন, ‘কাশ্মীরে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে মৌলিক প্রয়োজনীয় মেডিকেল সাপ্লাই শেষ হয়ে যাচ্ছে। এর থেকেও ভয়াবহ প্রতিবেদন পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।’ অন্য টুইটবার্তায় ভারতের তীব্র সমালোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার আইনসহ আন্তর্জাতিক আইনগুলো লঙ্ঘন করছে ভারত। যা বিশ্ব দেখছে। তারপরও বিশ্ব নীরব কেন? আসাম ও কাশ্মীরে যে ‘জাতিগত নিধন’ চলছে তা দেখছে বিশ্ব।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওইদিন থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মীর।