বিকাশে পরিশোধ করা যাবে ডিপিডিসির বিদ্যুৎ বিল

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর গ্রাহকরা চাইলে এখন থেকে ঘরে বসেই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন ‍বিদ্যুৎ বিল। আর এই লক্ষ্যে ডিপিডিসি ও বিকাশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার বিকাশ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর একটি হোটেলে ডিপিডিসি, বিকাশ ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ডিপিডিসির কোম্পানি সেক্রেটারি মো. আসাদুজ্জামান, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং ব্র্যাক ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রিফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসির ১২ লাখ পোস্ট পেইড ও প্রিপেইড গ্রাহকরা  যে কোনও সময়, যে কোনও স্থান থেকেই বিকাশে সহজে বিদ্যুৎ বিলের পরিমাণ চেক করতে পারবেন। একই সঙ্গে পরিশোধ করতে পারবেন বিলও। এছাড়া দেশের তিনটি বৃহৎ বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের প্রায় ২ কোটি ৭৫ লাখ গ্রাহক  বিকাশে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বিকাশের মাধ্যমে ডিপিডিসির বিদ্যুৎ বিল পরিশোধের ব্যাংকিং পার্টনার হিসেবে থাকবে ব্র্যাক ব্যাংক।

বিকাশে বিল পরিশোধ করতে অ্যাপের পে-বিল অপশন থেকে ডিপিডিসি নির্বাচন করতে হবে। এরপর ডিপিডিসি কাস্টমার নম্বর দিয়ে, মাস ও সাল নির্বাচন করলে বিলের পরিমাণ দেখা যাবে। বিল পরিশোধ করতে চাইলে পিন নম্বর দিয়ে পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন গ্রাহক। বিকাশে ডিপিডিসির বিল পরিশোধের নতুন এই সেবা চালু হওয়া উপলক্ষে প্রথম ৬ মাস কোনও চার্জ থাকছে না।