দুবাইয়ে শাকিব খান
ঢাকার সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বেশ কিছুদিন ধরেই ঝুঁকেছেন নতুনত্বের দিকে। চলনে-বলনে-পোশাকে এনেছেন নতুন ভাব। আর সেই ভাবে ‘তা’ দিতে তিনি ঘুরে বেড়াচ্ছেন নিত্য নতুন দেশে। কারণ, সিনেমার লোকেশনেও আনতে চান নতুনত্ব। এর আগে অস্ট্রেলিয়া, ইতালি, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের বিভিন্ন দেশে শ্যুটিং করেছেন শাকিব। এবার তিনি পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে। দুবাইয়ের মনোরম বেশ কিছু লোকেশনে করতে যাচ্ছেন শ্যুটিং। আর তাই লোকেশন দেখতে দুবাই উড়ে গেলেন শাকিব খান।
বৃহস্পতিবার ভোর ৪টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। শাকিব খান বলেন, ‘পাসওয়ার্ড’ সিনেমার গানের শ্যুটিং তুরস্কে একেবারে নতুন লোকেশনে করেছি। আগেই চেয়েছিলাম দুবাইয়ে শ্যুটিং করতে। তখন সেখানে প্রচণ্ড গরম থাকায় সম্ভব হয়নি। বড় পরিকল্পনা নিয়েছি। এবার এস কে ফিল্মসের নতুন সিনেমার শ্যুটিং হবে দুবাইয়ে। সেখানে ভালো ভালো লোকেশনে কাজ হবে। মূলত সেজন্যই দুবাইয়ে যাচ্ছি।
জানা যায়, ৩-৪ দিন দুবাই থাকবেন শাকিব। এ যাত্রায় তার সফরসঙ্গী হয়েছেন তার কাজিন মনির জামান, চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু, নির্মাতা ইফতেখার চৌধুরী, রামিম রায়হান।
বিচার চেয়ে মানববন্ধন
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছেন তার ভক্তরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে মানববন্ধন ও সমাবেশ করে ‘টিম সালমান শাহ’। ওই সময় ভক্তরা সালমান শাহ হত্যাকারীদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। এ ব্যাপারে প্রশাসনের আরও মনোযোগ কামনা করেন।
এছাড়া এইদিন চিরসবুজ নায়কের প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় দোয়া করা হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটন রোডের নিজ ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে এ ঘটনাকে আত্মহত্যা বললেও তার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। সালমানের মৃত্যুরহস্য নিয়ে চলমান মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) রয়েছে।
শুরু হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’
শুরু হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর নিবন্ধন। এটি শুরু হয়েছে গত ৫ সেপ্টেম্বর। চলবে আগামীকাল ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর শুরু হবে অডিশন।
রাজধানীর ডেইলি স্টার ভবনে গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটাই জানায় আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট।
অমিকন জানায়, আগামী ৯ সেপ্টেম্বর থেকে অডিশন শুরু হবে। ৪ অক্টোবর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে বেছে নেওয়া হবে সেরা জনকে। তিনি ইংল্যান্ডে মূল আসর মিস ওয়ার্ল্ডে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন। কাক্সিক্ষত এ মঞ্চে যেতে হলে করতে হবে নিবন্ধন। আর এটি করা যাবে এই ঠিকানায় https://missworldbangladesh.com/application-form/।
লন্ডনে এবার বসছে মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসরটি। আগামী ১৪ ডিসেম্বর হবে চূড়ান্ত পর্ব। তখনই বিশ্ব দেখবে এ বছরের সেরা সুন্দরীকে। এখন পর্যন্ত ৬৯টি দেশ মিস ওয়ার্ল্ডের জন্য তাদের প্রতিনিধি চূড়ান্ত করেছে।
দেড় যুগ পর অন্তর শোবিজ মিস ওয়ার্ল্ডে প্রতিনিধি পাঠানোর উদ্যোগ নেয়। আয়োজন করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। ২০১৭ সালে এটি হন জেসিয়া ইসলাম। তার ২০১৮ সালে জান্নাতুল ফেরদৌস ঐশী দেশসেরা হয়ে মিস ওয়ার্ল্ডের মঞ্চ ঘুরে এসেছেন।
মিমের নতুন
শোবিজের জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা সাহা মিম। সম্প্রতি তিনি কাজ শুরু করেছেন তার নতুন সিনেমা ‘পরাণে’র। ৩ সেপ্টেম্বর থেকে শ্যুটিং শুরু হয়েছে।
মিম জানান, ময়মনসিংহে চলছে তার পরাণ সিনেমার কাজ। মিম এখন রয়েছেন ময়মনসিংহে।
রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে মফস্বলের দুই তরুণ এবং এক তরুণীর জীবন ও প্রেমের গল্প নিয়ে। সিনেমায় দুই তরুণের ভূমিকায় দেখা যাবে মডেল ও অভিনেতা শরিফুল ইসলাম রাজ এবং অভিনেতা ইয়াশ রোহানকে।
শ্যুটিং ইউনিট সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে সিনেমাটির শ্যুটিং শুরু হয়েছে। প্রথম দিন শ্যুটিংয়ে অংশ নিয়েছেন রাজ ও মিম। চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ‘পরান’র শ্যুটিং চলবে বলে জানিয়েছেন পরিচালক।
টাকার অভাবে খাট বিক্রি
‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে ২০১৪ সালে বলিউডে পা রাখেন টাইগার শ্রফ। বিপরীতে ছিলেন কৃতি স্যানন। সিনেমাটি ভালো ব্যবসা করায় দুজনেই পায়ের নিচে শক্ত মাটি পান। তবে জ্যাকি শ্রফের ছেলে সম্প্রতি জানালেন, একসময় টাকার অভাবে তাকে মেঝেতে ঘুমাতে হয়েছে।
ওই সময় খুবই খারাপ অবস্থার মাঝে পড়ে তার পরিবার। টাইগারের মা আয়েশা শ্রফ ‘বুম’ নামের একটি সিনেমা প্রযোজনা করেন। অমিতাভ বচ্চনের মতো বড় তারকা ছিলেন সেখানে। ক্যাটরিনা কাইফের অভিষেকও হয় এতে। কিন্তু কোনো কিছুই ব্যর্থতা কাটাতে পারেনি। বক্স অফিসে পুরো ধরাশায়ী হয় ‘বুম’।
তখন টাইগারের বয়স ছিল ১১ বছর। তিনি বলেন, ‘ওই সময়ের কথা এখনো মনে পড়ে। আমাদের একটার পর একটা আসবাব বিক্রি করে দেওয়া হচ্ছে। যেসব জিনিস দেখে বড় হয়েছি, সেগুলো একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে। একপর্যায়ে আমার বিছানাটাও গেল। মেঝেতে ঘুমানো শুরু করলাম। এটা আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা।’
বয়স নিয়ে ধূম্রজাল!
সালমা হায়েকের বয়স কত? তার ছবি দেখে তা কেউই ঠিকঠাক বলতে পারবেন না। আর ঘটলও তাই। গত ২ সেপ্টেম্বর ছিল তার ৫৩তম জন্মবার্ষিকী। কিন্তু সেদিনের সদ্য প্রকাশিত ছবি দেখে কে বলবে তার বয়স পঞ্চাশোর্ধ্ব? নিজের জন্মদিন উপলক্ষে সালমা হায়েক ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন। ছবিটি তার সৈকতে অবসর কাটানোর। ফিরোজা রঙের টু-পিস বিকিনি পরিহিত দেখা যায় সালমাকে। তার আবেদনময়ী লুকে দিশেহারা ভক্তকুল। ক্যাপশনে সালমা লিখেছেন, ‘হ্যাঁ, কাল ৫৩ হচ্ছে। সেপ্টেম্বরে জন্মগ্রহণ করা সব বাচ্চাকেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।’
সালমার ছবি পোস্টের সঙ্গে সঙ্গে অন্তর্জালে ঝড় বয়ে যায়। এক ভক্ত লেখেন, ‘তুমি স্বপ্নের মতো।’ অন্যজন লেখেন, ‘তোমার বয়স ৫৩, সেটা বিশ্বাস করি না। তোমাকে দারুণ দেখাচ্ছে।’ সালমা হায়েকের সুইমস্যুট পরা ছবি বা ভিডিও প্রকাশিত হলেই অন্তর্জালে তাপমাত্রা বাড়ায়। আগস্টের শেষের দিকে এই অভিনেত্রী পরেছিলেন দারুণ ল্যাভেন্ডার সুইমস্যুট, যা ভক্তদের হৃদয়ে হাহাকার ছড়িয়েছিল।