বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে বাংলাদেশি পাসপোর্টধারী তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর আকবর শাহ থানার সিডিএ ১ নম্বর সড়ক থেকে তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সূত্র জানিয়েছে, আটক তিন রোহিঙ্গা হলেন মো. ইউসুফ (২৩), তার ছোট ভাই মো. মুসা (২০) ও মোহাম্মদ আজিজ প্রকাশ আইয়াজ (২১) । তারা তিনজনই মিয়ানমারের বাসিন্দা। বর্তমানে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকেন।

আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, গ্রেপ্তার তিনজন তুরস্কের ভিসার জন্য ঢাকা যাচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল প্রথমে তুরস্ক গিয়ে সেখান থেকে ইউরোপে পাড়ি দেয়া।

তিনি জানান, তিনজনকে আটকের পর পাসপোর্ট দেখে সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তারা পাসপোর্টে ঠিকানা নিয়ে গড়মিল তথ্য দেয়। এক পর্যায়ে তারা রোহিঙ্গা পরিচয় স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, রোহিঙ্গা ক্যাম্পের এক দালালের মাধ্যমে তারা ফেনীর আরেক দালালের সঙ্গে পরিচিত হন। ফেনীর ওই দালাল তাদের নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিয়ে নোয়াখালীর ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করিয়ে দেয়।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার রোহিঙ্গাদের কাছ থেকে পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়েছে। তাদের তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা ২০১৭ সালের আগস্টে মিয়ানমারে সহিংসতা শুরুর পর পরিবারসহ তারা পালিয়ে কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের তিনজনের পরিবার থাকে কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে।