প্রাপকের হাতে ৭০ বছর আগের প্রেমপত্র

চিলেকোঠার পুরনো জিনিসপত্রের স্তূপ পরিষ্কার করছিলেন কিম রোয়ি। তখনই পুরনো একটি জুতার বাক্সে চোখ আটকে যায় তার। বাক্সটি খুলে অবাক বনে যান কিম। পুরো বাক্স ভর্তি অসংখ্য চিঠি। কোনো প্রেমিক তার প্রেমিকাকে লিখেছিলেন ৭০ বছর আগে! পরে সেই চিঠির খামের ছবি ফেইসবুকে পোস্ট করেন কিম। ভাইরাল হয় তার পোস্ট। কয়েক দিন পরেই পাওয়া যায় চিঠির আসল প্রাপককে। পরে কিম চিঠিগুলো পাঠিয়ে দেন প্রাপক কেন্টের অধিবাসী নর্মা হলের ঠিকানায়। প্রায় সাত দশক পরে চিঠিগুলো ফিরে যায় তার আসল মালিকের কাছে।

চিঠিগুলো নর্মা হলকে লিখেছিলেন ১৯৪৮ থেকে ৪৯ সালের মধ্যে তার প্রেমিক বব বিসলি। সে সময় বিসলি ছিলেন সেনাবাহিনীতে। ওই সময়টাতে তাদের বিয়ের কথাবার্তা চলছিল। আর তাদের পরিচয় হয়েছিল তার এক বছর আগের এক বসন্তের বিকেলে সমারসেটে, নদী পারাপারের সময়।

নর্মা বিবিসিকে জানান, তার বয়স যখন আঠার বছর তখনই তিনি ববের প্রেমে পড়েছিলেন। তবে ১৯৫১ সালে তারা বিয়ে করেন। বিয়ের পরে চিঠিগুলো তার বাবার বাড়িতেই ছিল। সেখান থেকে তারই এক প্রতিবেশী চেরি ভ্যালেন্সিয়ার কাছে যায় সেগুলো। এই চেরিই হচ্ছেন চিঠিগুলোর ছবি ফেইসবুকে দেওয়া কিমের মা।  কিম বিবিসিকে বলেন, আমার মা চিঠিগুলো দীর্ঘদিন আগলে রাখলেও এর আসল মালিক যে সেগুলো ফিরে পেয়েছেন তা দেখে যেতে পারলেন না। তিনি ২০১৬ সালেই মারা গেছেন। তাই চিঠিগুলো কার তা বুঝতে দুটো খাম খুলে পড়েছি আমি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মারা গেছেন চিঠির লেখক বব বিসলিও। ২০১৮ সালের ডিসেম্বর মাসে মারা যান তিনি। তবে বব আর নর্মার এক মেয়ে আছে। তিনি মায়ের চিঠিগুলো ফিরে পাওয়ায় ফেইসবুকের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।