দাম বেড়েছে মাছের, সবজি স্থিতিশীল

সপ্তাহের ব্যবধানে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে শাকসবজির দাম কিছুটা কমেছে। তবে শীতের আগাম সবজি বিক্রি হচ্ছে চড়া দামেই। দুই শহরেই সব ধরনের মাছের দাম চড়া। সপ্তাহের ব্যবধানে ইলিশসহ সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ১০০ টাকার বেশি।

ঢাকার কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, চিচিংগা, ঝিঙে, ধুন্দুল, বরবটি, বেগুন, কাঁকরোল, করল্লা, মিষ্টি কুমড়া, পেঁপে, লাউ, টমেটোসহ বেশিরভাগ সবজিই আগের দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে কোনোটার দাম ৫০ থেকে ৫৫ টাকা আবার কোনোটা ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

গতকাল রাজধানীর কারওয়ান বাজার, কাঁঠালবাগান, হাতিরপুল, বউবাজার এবং চট্টগ্রামের ফিরিঙ্গী বাজার, বক্সিরহাট, রিয়াজউদ্দিন বাজার, বউবাজার ঘুরে দেখা গেছে সব ধরনের মাছের দামই ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে ইলিশসহ প্রতি কেজি সামুদ্রিক মাছের দাম বেড়েছে ২০-১০০ টাকা। মিঠাপানির মাছের দাম সরবরাহ ঘাটতির অজুহাতে বেড়েছে। 

বাজারে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের দামও চড়া। প্রতিকেজি মাঝারি সাইজের তেলাপিয়ার কেজি ১৫০ টাকা, বড় সাইজের কেজি ১৮০ টাকা কেজি। পাঙ্গাশ প্রতি কেজি ১৫০-১৭০ টাকা, কই মাছ প্রতি কেজি ১৮০-২০০ টাকা, রুই আকার বেদে প্রতি কেজি ২৮০ থেকে ৪০০ টাকা কেজি, পাবদা ৫০০ থেকে ৬০০ টাকা, ট্যাংরা ৬০০ থেকে ৭০০ টাকা, শিং ৪৫০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাচকি মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা কেজিতে।

কারওয়ান বাজারের মাছের ক্রেতা সুজন দেশ রূপান্তরকে বলেন, শুনেছি এবার নাকি অনেক বেশি ইলিশ বাজারে এসেছে। কিন্তু দাম তো কমছে না। আবার অন্যান্য মাছের দামও অনেক বেশি। পঙ্গাশ মাছও কিনতে হচ্ছে ১৫০ টাকায় দরে।

তবে কারওয়ান বাজারে মাছ ব্যবসায়ী আশিক দেশ রূপান্তরকে বলেন, ইলিশের দাম কিছুটা বেশি থাকলেও আগের থেকে অনেক কমেছে। এখন তো ছোট সাইজের ইলিশ আড়াইশ টাকায় কেনা যায়। তবে মিঠা পানির মাছের দাম তুলনামূলক একটু বেশি।