নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের প্রয়াত সংসদ সদস্য (এমপি) নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের কার্যালয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ২০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে এক ঠিকাদার তাদের বিরুদ্ধে মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১২টা থেকে আল্লামা ইকবাল সড়কের (কলেজ রোড হিসেবে পরিচিত) দেওয়ান মঞ্জিলের নিচতলায় আজমেরীর কার্যালয়ে প্রথমে অভিযান চালানো হয়। সেই অভিযান চলে রাত পৌনে ১টা পর্যন্ত। পরে একই ভবনে তার বাসায় অভিযান চালানো হয়। সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে আজমেরী ওসমানের অফিসে ও বাসায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেনÑ জেলা ছাত্রসমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রুপু (৩২) ও মোখলেছুর রহমান (৩৫)। আজমেরী ওসমান পলাতক রয়েছেন।