সড়ক দুর্ঘটনায় রাজধানীর বনানীর আমতলীতে বেসরকারি সংস্থার প্রশাসনিক কর্মকর্তা ফারহানাজ ও তুরাগে সংগীতশিল্পী পারভেজ রব নিহতের ঘটনায় দুই বাসচালকের একজনও গ্রেপ্তার হয়নি। গতকাল শুক্রবার সন্ধ্যায় বনানী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) ফজল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ফারহানাজের মৃত্যুর ঘটনায় তার স্বামী নাজমুল ইসলাম বাসচালক শামীমকে আসামি করা মামলা করেছেন। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবজাল হোসেন বলেন, ‘মোটরযান আইনে দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় যেসব ধারা রয়েছে, সেই মোতাবেক মামলা হয়েছে। আসামির নাম-পরিচয় পেয়েছি।
তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ বাসচাপায় সংগীতশিল্পী পারভেজ রব নিহতের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ মামলা করেননি বলে জানিয়েছেন তুরাগ থানার ওসি নূরুল মোত্তাকিম।