স্বাগতিক জার্মানির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে অসাধারণ ফুটবল খেলে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে নেদারল্যান্ডস। এই জয়ে বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে দলটির কাছে জার্মানদের কাছে হারের মধুর প্রতিশোধ নিয়েছে তারা।
শুক্রবার রাতে ইউরো ২০২০ সালের বাছাই পর্বের ‘সি’ গ্রুপের ম্যাচটিতে জোয়াকিমের দলকে ৪-২ গোলে হারায় নেদারল্যান্ডস। বাছাই পর্বে প্রথম দেখায় নিজেদের মাঠে জার্মানির কাছে ৩-২ গোলে হেরেছিল তারা।
নিজেদের মাঠে শুরুটা দারুণ করেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচের নবম মিনিটে ফিরতি বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে জালে বল জড়ান উইঙ্গার সের্গে জিনাব্রি। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি। চেষ্টা চালিয়েও সমতা ফেরাতে ব্যর্থ হয় নেদারল্যান্ডস।
বিরতির পর জ্বলে ওঠে অতিথি দল। সতীর্থ রায়ান বাবেলের ক্রসে ডি-বক্স থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি জং। সাত মিনিটের মাথায় জার্মান সেন্টার-ব্যাক নিজেদের জালে বল জড়িয়ে বসলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস।
৭৩তম মিনিটে ম্যাচে ফের সমতা ফেরে। পেনাল্টি থেকে গোল করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।
ম্যাচের বাকি সময়টা পুরো আধিপত্য দেখায় নেদারল্যান্ডস। শেষ দিকে দুই গোলে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ৭৯তম মিনিটে দলকে এগিয়ে নেন আক্রমণভাগের খেলোয়াড় ডোনিয়েল মালেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকেন জর্জিনিয়ো ভিনালডাম।