জামালপুরের দেওয়ানগঞ্জে একটি যাত্রীবাহী নৈশ কোচে অভিযান চালিয়ে দুই হাজার ছয়শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাটিয়া এলাকার রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী একটি নৈশ কোচে মাদক ব্যবসায়ীরা ইয়াবা পাচার করছে- এমন সংবাদ পেয়ে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. ফরহাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়।
এসময় মায়ের দোয়া পরিবহন নামের একটি নৈশ কোচ থেকে যাত্রীবেশী মাদক ব্যবসায়ী মো. ছয়েন উদ্দিনকে দুই হাজার ছয়শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী মো. ছয়েন উদ্দিন পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চর বামনের চর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।