সুনীল মেলায় সাদাত হোসাইনকে ঘিরে ভিড়

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে তার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সুনীল মেলা।

বই নিয়ে আয়োজিত এ মেলায় হাজির হয়েছেন বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। তারও গ্রামের বাড়ি পূর্ব মাইজপাড়ায়। মেলার আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন শুরু থেকেই।

প্রথম দিনে সাদাত হোসাইনকে ঘিরেই ভিড় দেখা গেছে। নিজ এলাকার লেখককে পেয়ে বই কিনতে দেখা গেছে তরুণ-তরুণীদের।   

উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলা আয়োজন করা হয়। বুধবার পর্যন্ত চলবে এ মেলা।     

সাদাত হোসেইন দেশ রূপান্তরকে বলেন, প্রথমবারের মতো মাদারীপুরের কালকিনিতে আমি কোনো মেলায় এসেছি। সুনীল গঙ্গোপাধ্যায় ৮৫তম জন্মবার্ষিকীতে এ মেলার আয়োজন করা হয়েছে। এখানে এসে অনেক খুশি আমি।

মানবজনম,আরশিনগর, নিঃসঙ্গ নক্ষত্রসহ তরুণদের প্রিয় এ লেখক আরো বলেন, বাংলাদেশের নামকরা অনেক প্রকাশনা প্রতিষ্ঠান এসেছে মেলায়। সেই সঙ্গে আমিও আমার অন্যধারা প্রকাশনী নিয়ে এসেছি। আমি আমার এলাকার বইমেলায় এসে নিজেকে গর্বিত মনে করছি। আশাবাদী ভবিষ্যতে এই আয়োজন অব্যাহত থাকবে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য প্রদান দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, ভাইস-চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ প্রকাশনা অধিদপ্তরের পরিচালক নেসার উদ্দিন আইয়ুব, অন্যধারার প্রকাশক ও লেখক সাদাত হোসাইন প্রমুখ।

মেলায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রকাশনীর অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেলায় মোট ৬০টি স্টল রয়েছে। যার মধ্যে দুটি বিদেশি বইয়ের স্টল রয়েছে। বইয়ের পাশাপাশি বিভিন্ন খাবার, খেলনা ও কসমেটিকসের স্টলও রয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। 

বাংলাদেশ প্রকাশনা অধিদপ্তর পরিচালক নেসার উদ্দিন আইয়ুব বলেন, আমারা সৌভাগ্যবান যে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি মাদারীপুর। তার স্মৃতি ধরে রাখতে এই মেলার আয়োজন, আমরা আশা করব ভবিষ্যতে আরো বড় আকারে হবে এ মেলা। আমাদের যেমন একুশে বইমেলা জাতীয় ভাবে সারা দেশের জন্য হয়, তেমনি এক সময় এই সুনীল মেলাটি হবে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় বইমেলা।

মাদারীপুর পুলিশ সুপার মো. মাহাবুব হাসান জানান, আমরা মেলার জন্য সব নিরাপত্তার ব্যবস্থা করেছি।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, এবার মেলার আকার অনেক বড় হয়েছে, স্টল বেড়েছে। বিভিন্ন জেলার বইয়ের প্রকাশকরা তাদের বই নিয়ে এসেছে। তা ছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতি রক্ষার্থে এখানে একটি লাইব্রেরি করার উদ্যোগ নিয়েছি।

সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর মাদারীপুর মহকুমার রাজৈরের আমগ্রামের মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি তৎকালীন মাদারীপুর মহকুমার কালকিনির পূর্ব মাইজপাড়া গ্রামে। তিনি ২০১২ সালের ২৩ অক্টোবর ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেন।