টঙ্গীতে মাদক উদ্ধার

সস্ত্রীক বিডিআরের সাবেক সদস্য গ্রেপ্তার

গাজীপুর মহানগরের টঙ্গীর একটি বাসা থেকে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। ওই সময় গ্রেপ্তার করা হয়েছে বিডিআরের সাবেক এক সিপাহী ও তার স্ত্রীকে। গতকাল শুক্রবার গভীর রাতে টঙ্গীর দত্তপাড়ার শাহাদাত হোসেনের ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানার এসআই শুভ মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় গত শুক্রবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। ওই সময় পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট, ২৫০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। তারা হলেন একসময়কার বিডিআরের (বর্তমান বিজিবি) সিপাহী মেহেদী হাসান (৩৪) ও তার স্ত্রী লক্ষ্মী বেগম (৩৮)। তারা টঙ্গীর দত্তপাড়া এলাকায় শাহাদাত হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

এসআই আরও জানান, ২০১১ সালে মেহেদী হাসান বিডিআরে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত অবস্থায় তাকে মাদকসহ আটক করে মামলা করা হয়েছিল। পরে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি মাদকের পাইকার হিসেবে টঙ্গীতে পরিচিত।

একই থানার ওসি কামাল হোসেন জানান, ইয়াবা, ফেনসিডিলসহ আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।