পটিয়ার আজিমপুর ওস্তাদপাড়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) বাড়ি থেকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার বিকেলে ওই ছাত্রীর মা একই এলাকার মৃত ইসহাকের ছেলে প্রবাসী মো. ইসমাইলের (৩৩) বিরুদ্ধে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আজিমপুর উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, শুক্রবার বাড়ির সবাই জুমার নামাজে থাকার সুযোগে ইসমাইল জোরপূর্বক অটোরিকশায় তুলে ওই ছাত্রীকে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কাছে খবর পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বিকেল ৫টায় থানায় অভিযোগ দেন।
কিশোরীর মা বলেন, ‘আমি মেয়েকে জীবিত উদ্ধারের জন্য থানায় অভিযোগ দিয়েছি। আমার মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। এখন তার জীবনটি নষ্ট করতে চায় ইসমাইল। আমার স্বামী নেই। আমরা খুবই অসহায়। মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাই।’
পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, প্রবাসে থাকাবস্থায় ইসমাইল ও ওই কিশোরীর বিয়ের কথাবার্তা হয়। পরে মেয়ের পরিবারের পক্ষ থেকে না বলা হয়। সেজন্য ইসমাইল এ ঘটনা ঘটিয়েছে। কিশোরীকে উদ্ধারে চেষ্টা চলছে।