শুভ জন্মদিন আশা ও ইয়াসমিন

আজ বাংলাদেশ ও ভারতের দুই বিখ্যাত শিল্পীর জন্মদিন। একজন এদেশের নজরুল সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী, অন্যজন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। দুই শিল্পীই সুস্থ সংগীতের মাধ্যমে দীর্ঘদিন ধরে অগণিত ভক্তের হৃদয় জয় করে আসছেন। আজও তারা সংগীতের ভুবনে নিয়মিত। জন্মদিনের আগের দিন থেকেই দুই শিল্পী শুভেচ্ছার বন্যায় ভাসছেন। ইয়াসমিন মুশতারী বলেন, ‘জন্মদিন সত্যি আলাদা অনুভূতি এনে দেয়। ভক্ত, বন্ধু ও আত্মীয়স্বজনের পাশাপাশি অনেক গুণী শিল্পী শুভেচ্ছা জানান। বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রপত্রিকা থেকে শুভেচ্ছাবাণী আসে। সব মিলিয়ে খুব ভালো সময় কাটে। সবার কাছে দোয়া চাই যেন আরও অনেক দিন সুস্থ থেকে ভালো গাইতে পারি।’

অন্যদিকে ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে মঙ্গেশকর পরিবারে জন্ম আশা ভোঁসলের। ১৯৪৩ সালে জীবনে প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দেন। হিন্দি সিনেমা জগতে তার পা রাখেন ১৯৪৮ সালে হংসরাজ বেহলের সিনেমা ‘চুনারিয়া’ দিয়ে। ৫০, ৬০, ৭০, ৮০ ও ৯০-এর দশকে শ্রেষ্ঠ সংগীত পরিচালকদের সঙ্গে একের পর এক হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। রেকর্ড করা গানের সংখ্যায় তিনি বিশ্বের সবাইকে ছাপিয়ে গেছেন। এই সুরেলা সফরে তার সঙ্গী ছিলেন দ্বিতীয় স্বামী রাহুল দেব বর্মণ।