=মারুতির পর অশোক লেল্যান্ড। গাড়ি শিল্পে মন্দার কোপ সামলাতে চেন্নাইয়ের কারখানায় টানা পাঁচ দিনের ‘কর্মহীন দিবস’ (নন ওয়ার্কিং ডেজ) ঘোষণা করল এই হালকা, মাঝারি ও ভারী বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা। মাঝে এক দিন রবিবার মিলিয়ে টানা ৬ দিন বন্ধ থাকবে উৎপাদন। এই পাঁচ দিনে স্থায়ী ও অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সংস্থার পক্ষ থেকে এ খবর স্বীকার করা হয়নি।
অশোক লেল্যান্ডের কর্মীদের সূত্রে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর, তাদের জানিয়ে দেওয়া হয়েছে এই সপ্তাহে ৬ ও ৭ সেপ্টেম্বর এবং আগামী সপ্তাহের ১০ ও ১১ তারিখ নন ওয়ার্কিং ডেজ। এর মধ্যে ৯ সেপ্টেম্বর সোমবার আগে থেকেই ‘নন ওয়ার্কিং ডে’ ঘোষণা করেছিল সংস্থাটি। আর ৮ সেপ্টেম্বর রবিবার। এর অর্থ ৬ থেকে ১১ তারিখ পর্যন্ত তালা ঝুলবে অশোক লেল্যান্ডের ধচেন্নাইয়ের এই কারখানায়। সংবাদমাধ্যমে খবর, সংস্থার তরফে কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, ‘ক্রমাগত বিক্রি কমা এবং বাণিজ্যিক গাড়ি বাজারে মন্দার জেরেই এই সিদ্ধান্ত। প্রতিকূল পরিস্থিতি সামাল দিতেই সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত অপরিহার্য হয়ে উঠেছে।’ তবে সংস্থার কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই ‘নন ওয়ার্কিং ডেজ’ ঘোষণার কথা অস্বীকার করেছেন।
এ সপ্তাহেই অশোক লেল্যান্ডের সেলস রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী অন্তর্দেশীয় বাজারে, অর্থাৎ ভারতের বাজারে গত বছরের আগস্টের তুলনায় এ বছরের আগস্টে ভারী বাণিজ্যিক গাড়ির বিক্রি কমেছে প্রায় ৭০ শতাংশ। একই সময়ের তুলনায় মাঝারি গাড়ির বিক্রিতে পড়েছে ৬৩ শতাংশ এবং হালকা বাণিজ্যিক গাড়িতে ১২ শতাংশ। সব ধরনের বাণিজ্যিক গাড়ির বিক্রিতে গড় হ্রাস প্রায় ৫০ শতাংশ।