রোহিঙ্গা সমস্যা জাতীয়, দলীয় নয় : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গা সমস্যা জাতীয় সমস্যা। এটি দলীয় কোনো সমস্যা নয়। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য যা যা করণীয় তা করতে হবে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অর্জন-৭১’-এর সাইনিং ও আশীর্বাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা সংকট নিরসনে বিভিন্ন পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘এ সমস্যা নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে। এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। বিএনপির বন্ধুদের বলব, রোহিঙ্গা জাতীয় সমস্যা; এটা দলীয় কোনো সমস্যা নয়।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে। মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আপনারা এটার সমালোচনা না করে প্রধানমন্ত্রীকে সাহায্য করেন; দেখবেন এ সমস্যা অচিরেই দূর হয়েছে। এতে জনগণ আপনাদের সাধুবাদ জানাবে।’

বিএনপিকে রাজপথে ‘নৈরাজ্য’ না করার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘আপনারা এখন পার্লামেন্টে গেছেন, সভা-সমাবেশও করছেন। কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু দয়া করে রাজপথে এসে নৈরাজ্য করবেন না। এতে মানুষের অসুবিধা হয়। মানুষ কষ্ট পায়, বিক্ষুব্ধ হয়।’

সাবেক অতিরিক্ত আইজিপি ড. আবদুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, অভিনেত্রী মৌসুমী, ছবির পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন প্রমুখ।