প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং চার লক্ষ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- তৈয়ব আলী (৩৮) ও সাকিল সরদার (৩৫)। গতকাল শনিবার ডিবির (উত্তর) উপ-কমিশনার মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে তৈয়ব ও শাকিলকে ডিবি’র গুলশান জোনের একটি টিম গ্রেপ্তার করে। এর আগেও কয়েকবার তারা গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু জামিনে বের হয়ে ফের ছিনতাই কাজে জড়ান। তিনি আরও জানান, গত বুধবার কয়েকজন ছিনতাইকারী কুড়িল ফ্লাইওভারের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি গাড়ির গতিরোধ করে। পরে তারা গাড়ির গ্লাস ভেঙে ৪০ লক্ষ টাকা ছিনতাই করে। খিলক্ষেত থানায় এ সংক্রান্ত মামলা দায়েরের পর থানা পুলিশের পাশাপাশি ডিবিও ছায়া তদন্তে নামে। তদন্তকালে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার এফডিসি গেট সংলগ্ন এলাকা থেকে ছিনতাইকারীদের হোতা তৈয়ব ও তার সহযোগী সাকিলকে গ্রেপ্তার করা হয়। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারের জন্য তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান উপকমিশনার মশিউর।