সংবাদ সম্মেলনে ধর্মঘটের হুমকি

চুয়াডাঙ্গায় ৫ সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবি

চুয়াডাঙ্গা জেলার পাঁচটি সড়কে অবৈধ সব যান চলাচল বন্ধসহ দুই দফা দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল শনিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের অন্য দাবিটি হলো মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সরাসরি বাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা দাবি পূরণের জন্য স্থানীয় প্রশাসনকে আট দিনের সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে ব্যর্থ হলে ১৬ সেপ্টেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের হুমকি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে জেলার প্রধান পাঁচটি সড়কে নছিমন, করিমন, আলমসাধু, ইজিবাইক, থ্রি হুইলারসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছি। এ ছাড়া আঞ্চলিক মহাসড়ক থেকে এসব যানবাহন উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না।’

তিনি দাবি করেন, জেলার প্রধান সড়কগুলোতে এসব যানবাহন চলাচল করার কারণে পরিবহন শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ কারণে জেলার প্রায় দেড় হাজার পরিবহন ব্যবসায়ী ও ছয় হাজার শ্রমিক চরম নাজুক পরিস্থিতির মধ্যে জীবন যাপন করছেন।

সংবাদ সম্মেলনে বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার বিভিন্ন পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলেন, গত ৯ বছরে চুয়াডাঙ্গা জেলায় অবৈধ এসব যানবাহনে দুর্ঘটনায় ৫ শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন, জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলামসহ মালিক শ্রমিক ঐক্য গ্রুপের বিভিন্ন ইউনিটের নেতারা।