জয়পুরহাটে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের ওপর হামলা

জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহরের চিত্রাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা গুরুতর আহত হন। সভাপতি জাকিয়া রাজা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রেজাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শহরের চিত্রাপাড়া এলাকায় জাকারিয়া রাজা ও আবু বক্কর সিদ্দিক রেজা বাসায় ফেরার পথে রেজার বাসার সামনে গল্প করছিলেন। এমন সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে আবু বক্কর সিদ্দিক রেজাকে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় জাকারিয়া রাজা বাধা দিলে তার ওপরও হামলা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ব্যাপারে জয়পুরহাট থানার ওসি সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, তাদের মামলা দেওয়ার কথা বলা হয়েছে। মামলার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে।