চাঁদপুরে শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম বন্ধে অনলাইন মনিটরিং চালু করা হবে

শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে শিগগিরই অনলাইন মনিটরিং চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেছেনÑ সাধারণ, কারিগরি ও মাদ্রাসা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো হয়েছে। এ কার্যক্রম এখন মন্ত্রণালয় থেকে অনলাইনের আওতায় আনার চেষ্টা চলছে। শিগগিরই এই ব্যবস্থা চালু

করা সম্ভব হবে। গতকাল শনিবার চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শৈশব থেকেই শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে দীপু মনি বলেন, ‘মুক্তিযুদ্ধকে জানো, বঙ্গবন্ধুকে জানো’Ñ এমনই একটি কার্যক্রম। এর মধ্য দিয়ে সপ্তম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা তার এলাকার রণাঙ্গনের যোদ্ধাদের সঙ্গে সরাসরি কথা বলে সমৃদ্ধ হতে পারছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে পেরে শিক্ষার্থীরা দেশের প্রতি নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারি প্রমুখ।