পর্তুগালের কষ্টার্জিত জয়ে রোনালদোর গোল

ইউরোপিয়ান এবং নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল তাদের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ঘাম ঝরানো জয় পেয়েছে। বেলগ্রেডে সার্বিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতেছে তারা।

এদিন গোল পেয়েছেন উইলিয়াম কারভালহো, ক্রিস্টিয়ানো রোনালদো, গনজালো গুডেস এবং বেনার্ডো সিলভা।

২৯তম মিনিটে রোনালদোর শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ৪২তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় পর্তুগাল। ডি-বক্সের জটলার মধ্য থেকে লক্ষ্যভেদ করেন উইলিয়াম কারভালহো।

দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোর শট আবারও লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ৫৮তম মিনিটে ফের্নান্দেসের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন গনজালো গুডেস। দশ মিনিট পর হেডে লক্ষ্যভেদ করে সার্বিয়াকে ম্যাচে ফেরান নিকোলা মিলেনকোভিচ।

৮০তম মিনিটে সিলভার বাড়ানো বল নিখুঁত শটে জালে জড়িয়ে ব্যবধান বাড়ান রোনালদো। চলতি বাছাইয়ে এই প্রথম গোল পেলেন তিনি। পাঁচ মিনিট পর আলেকসান্দার মিত্রোভিচের গোলে জমে ওঠে ম্যাচ।

৮৬তম মিনিটে সিলভার গোলে স্কোরলাইন ৪-২ করে নেয় রোনালদোরা।