নতুন মিউজিক ভিডিও আসছে

জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমি। এখন ব্যস্ত ব্যান্ডের নতুন মিউজিক ভিডিওর কাজ নিয়ে। মুক্তি প্রতীক্ষিত ‘মায়াবতী’ সিনেমার গানটিও বেশ সাড়া ফেলেছে। এসব নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

 

 

মিউজিক ভিডিওতে...

বেশ কয়েক মাস চিরকুটের নতুন মিউজিক ভিডিও আসছে। তাই আমরা সবাই এটা নিয়েই খুব ব্যস্ত আছি। একেবারে ভিন্ন স্বাদের একটি গান উপহার দিতে চাচ্ছি। ভিডিওতেও নতুনত্ব থাকবে। সাধারণত ব্যান্ডের গানের ভিডিওকে শুধু ব্যান্ডের সদস্যেরই দেখা যায়। আমাদের অনেক ভিডিও সেভাবেই করা। কিন্তু এবারের মিউজিক ভিডিওটিতে একটি দারুণ গল্প থাকবে। তাই মডেলদেরও কাস্ট করা হয়েছে। ‘আমি আমার খুঁজে পাচ্ছি না, তুমি খুঁজছ কি তোমায়/শহরজুড়ে এত আলো/তবু পালাচ্ছে সবাই/দেখা হোক, দেখা হবে/আজ না হলে আর কবে’ এমন কথার গানটির কথা, সুর ও সংগীতÑ সবই চিরকুট ব্যান্ডের। মিউজিক ভিডিওর শ্যুটিং হয়েছে ঢাকার বিভিন্ন জায়গার। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আশা করছি এ মাসের শেষের দিকে মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ করতে পারব।

 

‘মায়াবতী’র গানে সাড়া...

আসছে ১৩ তারিখ মুক্তি পাবে গুণী নির্মাতা অরুণ চৌধুরীর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়াবতী’। এ সিনেমার চিরকুট ব্যান্ডের একটি গান রয়েছে। ‘আটকে গেছে মন, কী করি এখন’ গানটির কথা ও সুর করেছি আমি, সংগীতায়োজন চিরকুটের। এরইমধ্যে গানটি প্রকাশ হয়েছে। রোমান্টিক ঘরানার এ গান একটি পরিস্থিতির ওপর ভিত্তি করে সিনেমায় সংযোজিত হয়েছে। গানটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তার সঙ্গে আমাদের খুব চমৎকার একটা সম্পর্ক। মূলত তিনিই চেয়েছিলেন আমরা যেন গানটি করি। পরে সিনেমার ভাবনা শুনেও আমাদের ভালো লাগে। তাই গানটি করতে রাজি হয়েছি। গানটি দর্শক-শ্রোতারা পছন্দ করছেন। সাধারণত চিরকুট যে স্বাদের গান করে, এটি তার চেয়ে ভিন্ন। এই বৈচিত্র্যই বেশি পছন্দ করেছে দর্শক।

 

অন্যান্য ব্যস্ততা...

এরইমধ্যে কয়েকটি সিনেমায় গান করেছি। সামনে আরও কিছু গানে কাজের কথা চলছে। কিন্তু প্রযোজক-পরিচালকের অনুমতি ছাড়া সেগুলোর ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। এর বাইরে আমরা এখন অল্প হলেও স্টেজ শো করছি। সামনের বছর দেশের বাইরে বড় পরিসরে একটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে। সেই ট্যুর নিয়ে আমরা বেশ এক্সাইটেড।