ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শৈলকূপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন সোনা বলেন, ‘পৌর মেয়র আওয়ামী লীগ নেতা আশরাফুল আজম শৈলকূপার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ভ্যান, রিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক অর্থ আদায় করছেন। এছাড়া পৌর গোরস্থানের নামে মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে যেখানে এর কোনো অস্তিত্ব নেই।’
সম্প্রতি এডিস মশা নিধনে বরাদ্দকৃত ১২ লাখ টাকা যথাযথ ভাবে ব্যয় না করে আত্মসাতেরও অভিযোগ করা হয় মেয়রের বিরুদ্ধে। এ বিষয়ে কাজী আশরাফুল আজমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘তারা যে সব কথা বলেছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। একটি অভিযোগ যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি প্রকাশ্যে নিজের দোষ স্বীকার করে নেব।’
প্রসঙ্গত, গত শুক্রবার কাজী আশরাফুল আজম শিকদার মোশাররফ হোসেন সোনার ছেলে শিকদার ওয়াহেদুজ্জামান ইকুসহ কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে সংবাদ সম্মেলন করেছিলেন।