ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সিলেটে ২ জন আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে দুই জনকে আটক করেছে র‌্যাব। গত শনিবার রাতে ও গতকাল রবিবার দুপুরে র‌্যাব-৯ এর পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলো- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শস্যউরা গ্রামের বদরুল ইসলাম (৪০) ও সিলেট নগরীর জিন্দাবাজারের  দোকানের কর্মচারী মেহেদি হাসান (২৫)। গতকাল রবিবার র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক বদরুল ইসলাম তার একাধিক ফেইসবুক আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনপ্রিয় লেখক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালসহ বিশিষ্ট ব্যক্তিদের নামে নানা অপপ্রচার চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব গত শনিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার মুন্সিবাজার থেকে বদরুলকে আটক করে। পরে তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। এদিকে ফেইসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে গতকাল দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারের মিলেনিয়াম মার্কেটের একটি দোকানের কর্মচারী মেহেদী হাসানকে আটক করেছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।