শাহজাদপুরের সাব রেজিস্ট্রার সুব্রতর অপসারণ দাবি

শাহজাদপুর উপজেলা সাব রেজিস্ট্রার সুব্রত কুমার দাসের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে সাব রেজিস্ট্রি অফিসের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাব রেজিস্ট্রার সুব্রতের ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। তারপরও অদৃশ্য শক্তির বলে তিনি প্রায় দুই সপ্তাহ ধরে স্বপদে বহাল তবিয়তে রয়েছেন। অবিলম্বে ঘুষখোর, দুর্নীতিবাজ ও অসাধু এই সাব রেজিস্ট্রারের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করছি। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

দলিল লেখক শিমুল মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান হিরোক, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নেসারুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আকাশ মিয়া প্রমুখ। এতে সর্বস্তরের জনগণ অংশ নেয়।