দুর্ঘটনায় স্কুল শিক্ষক ও ছাত্র নিহত

রাজশাহীতে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক ও এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

রোববার দুপুরে পবা উপজেলায় ট্রাকের ধাক্কায় নিহত হন স্কুল শিক্ষক আনোয়ার হোসেন রনি (৩৪)এছাড়া বাগমারায় ভুটভুটি উল্টে মারা গেছে আসাদুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র।

নিহত রনি মোহনপুর উপজেলার ধোপাঘাটা একে উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক। তিনি রাজশাহী নগর যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। আসাদুল বাগমারার ঝিকরা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

পবা থানার এসআই মাহফুজুর রহমান জানান, পবা উপজেলার আলাই বিদিরপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে রোববার দুপুরে ট্রাকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী রনি নিহত হন। তিনি নগরের শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

অপরদিকে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, রোববার বিকেলে জতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ইউনিয়ন পর্যায়ের খেলা বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঝিকরা বনাম যোগীপাড়ার খেলা ছিল। ফুটবল খেলা দেখার জন্য দুপুরে ঝিকরা বাজার থেকে ইঞ্জিন চালিত একটি ভুটভুটিতে ২০ জন যাত্রী বাগমারার দিকে যাচ্ছিল। এ সময় ভবানীগঞ্জ পৌরসভার দানগাছী এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ভুটভুটিটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত আসাদুল উপজেলার ঝিকরা সরদারপাড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে।