নির্বাচন কমিশন ভবনে আগুন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত ১১টার দিকে ভবনের বেজমেন্টে ইভিএম সংরক্ষণের বিশেষ গুদামে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মজুদ থাকা কিছু ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পুড়ে গেছে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা। এ ঘটনায় ইসি ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাত ১২টা ৪৮ মিনিটে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘অগ্নিকাণ্ডে কিছু ইভিএমের ক্ষতি হতে পারে। ভবনের নিচতলায় আগুন লেগেছিল। আমাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ভা-ার ডেটা বেইজ সার্ভারের এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেটা ভবনের ১১ তলায়। সেটা সুরক্ষিত আছে। আগুনে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন বলা মুশকিল। আমরা তো এখন প্রবেশ করতে পারছি না।’

গুদামে কত ইভিএম মজুদ ছিল জানতে চাইলে ইসির এই কর্মকর্তা বলেন, ‘সেখানে প্রায় ৪৫০০টি ইভিএম ছিল। তবে সবগুলোর ক্ষতি হয়নি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া তথ্য অনুযায়ী, ইসি ভবনের আগুন নেভাতে ১০০ সদস্যের ১২টি ইউনিট কাজ করে।

এদিকে আগুন লাগার কিছু পরেই সেখানে উপস্থিত হন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারসহ কর্মকর্তারা।