বারবার অপমানিত হয়েও হাল ছাড়েননি প্রিয়াঙ্কা

‘দ্য স্কাই ইজ পিংক’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমাটি যাচ্ছে একাধিক আন্তর্জাতিক উৎসবে। এই উপলক্ষে নায়িকা জানালেন, মুম্বাইয়ে স্থান করে নেওয়া অনেক কঠিন ছিল। রীতিমতো অপমানজনক অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। কিন্তু হাল ছাড়েননি।

ভোগ ইন্ডিয়ার সেপ্টেম্বর সংখ্যায় প্রচ্ছদ কন্যা হয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে দীর্ঘ সাক্ষাৎকারে দেন তিনি।

শুরুর দিনগুলো স্মরণ করে প্রিয়াঙ্কা বলেন, “সেই সময়ে আমি কাউকে চিনতাম না, কিছুই জানতাম না। প্রায়ই পরিচালকরা আমার সঙ্গে চিৎকার করে অপমানজনক কথা বলতেন। কখনো কখনো কোনো ছবি থেকে ছুড়ে ফেলা হয়েছে, আবার কখনো অকারণে ছবিতে টেনে বের করে দেওয়া হয়েছে।”

আরও জানান, সেই কঠিন সময়ে তার বাবা প্রয়াত ডা. অশোক চোপড়ার পরামর্শ আলো দেখিয়েছে।

প্রিয়াঙ্কা বলেন, “আমি নিজেকে আত্মবিশ্বাসী হতে শেখালাম। বুঝলাম, চলার পথে হোঁচট খেয়ে উঠে দাঁড়ানোর পর আমরা যে পথে হাঁটি সেটিই ঠিক করে দেয় ভবিষ্যতে সফল হবো কি না।”

২০০০ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন প্রিয়াঙ্কা চোপড়া। তার প্রথম ছবি ছিল অক্ষয় কুমারের বিপরীতে ‘আন্দাজ’। ওই ছবিতে অভিনয় করেছিলেন একই বছর মিস ইউনিভার্সের খেতাব জেতা লারা দত্ত।

বর্তমানে বলিউডের পাশাপাশি হলিউডেও জনপ্রিয় প্রিয়াঙ্কা। শিগগিরই নেটফ্লিক্সের একটি সিরিজে যোগ দিচ্ছেন। সেখানে প্রথমবারের মতো অভিনয় করবেন রাজকুমার রাও-এর সঙ্গে।