নাট্যব্যক্তিত্ব ও সম্প্রীতি বাংলাদেশ কর্মসূচির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করতেন বলে বাংলার অবিসংবাদিত নেতা হতে পেরেছিলেন। তিনি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করতেন বলেই সব ধর্মের মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিল।
সোমবার দুপুরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারি পিসি কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা এই অনুষ্ঠানে অংশ নেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর এই অসাম্প্রদায়িক রাজনৈতিক দর্শনের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতি বাংলাদেশ নামের একটি কর্মসূচি আমরা শুরু করেছি। সব ধর্মের মানুষরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যাতে দেশে বসবাস করতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা দেশের ৬৪ জেলায় আগামী দুই বছর ধরে বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরতে আমাদের প্রচারণা চালাব।
বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সাখিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আলী শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অসীম কুমার সরকার, অধ্যাপক বিমান বড়ুয়া, প্রামাণ্যচিত্র পরিচালক আবু সাইফ আহমেদ প্রমুখ।