নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদ্রাসার ছাত্রী (১৫) অপহরণের প্রায় আড়াই মাস পর রাজধানী ঢাকার বনানীর কড়াইল বিস্ত এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করেছে থানা কলমাকান্দা থানা পুলিশ।
অপহরণকারী সারোয়ার হোসেন (৩০) উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।
সোমবার দুপুরে অপহরণকারীকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়। অপহৃতা কলমাকান্দা উপজেলার সিধলি এলাকার একটি মহিলা মাদ্রাসার হেবদা শ্রেণির ছাত্রী।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. নজরুল ইসলাম জানান, থানায় মামলা দায়েরের পরপরই আমরা বিষয়টি তদন্ত শুরু করি এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে জানা যায় অপহৃত মাদ্রাসা ছাত্রী ঢাকার বনানী কড়াইল বস্তি এলাকায় অবস্থান করছে। এরই ভিত্তিতে রবিবার দিনগত রাতে অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল করিম এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে বলেন, গত জুন মাসের মাঝামাঝি সময়ে অপহৃত ওই ছাত্রীর বাবা বাদি হয়ে একই ইউনিয়নের আনন্দপুর গ্রামের মো. সারোয়ার হোসেনকে আসামি করে কলমাকান্দা থানায় অপহরণসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অপহরণকারীকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগেও চট্টগ্রামে তাদের অবস্থান শনাক্তের পর সেই অভিযান পরিচালনার সময় অপহরণকারী সটকে পরে।