বাংলাদেশের হকিতে যোগ হলো নতুন অধ্যায়। সোমবার আন্তর্জাতিক আঙিনায় পা রাখল বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরে এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে এদিন স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। আন্তর্জাতিক হকিতে যা মেয়েদের প্রথম ম্যাচ।
নিজেদের প্রথম ম্যাচটিতে ০-৩ গোলে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। তবে প্রথম ম্যাচ হলেও দারুণ লড়াই করেছে রিতু-স্বর্ণারা।
দেশের বাইরে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটিতে উজ্জীবিত শুরু করে বাংলাদেশ। আক্রমণের দিক দিয়ে স্বাগতিক নারীদের থেকে এগিয়ে ছিল রিতু-স্বর্ণারা। প্রথম দুই কোয়ার্টার দারুণভাবে রুখে দেয় স্বাগতিকদের।
কিন্তু তৃতীয় কোয়ার্টারে খেই হারায় বাংলাদেশ। ৪০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে জোহানা হাজারাতির ফিল্ড গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। ৫ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন সিম ভালেরি। চতুর্থ কোয়ার্টারে সিম ভালেরি নিজের দ্বিতীয় গোল আদায় করলে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দলের প্রধান কোচ তারিকউজ্জামান নান্নু বলেন, ‘শুরুর দিকে মেয়েরা দারুণ পারফর্ম করেছে। যদিও শেষ পর্যন্ত অভিজ্ঞতার অভাবে হারতে হয়েছে। তবে পরের ম্যাচ গুলোতে আমরা পয়েন্ট ছাড় না দেয়ার চেষ্টা করব।’
মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।