মুন্সীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সিংহের নন্দন গ্রামে সোমবার পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাব্বি হালদার (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হোসেন হালদারের ছেলে।

বেলা ১১ টার দিকে নিজ বাড়ির অদূরে সিংহের নন্দন জামে মসজিদের পুকুরে গোসল নামলে পানিতে ডুবে ওই  শিশুর মৃত্যু হয় বলে সত্যতা নিশ্চিত করেছেন চাচা আল-আমিন হালদার।   

তিনি জানান, ৩ ভাই-বোনের মধ্যে সবার বড় রাব্বি হোসেন। নিজ বাড়ির অদূরে মসজিদের পুকুরে একাই গোসল করতে যায় সে। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয় লোকজন পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে বেলা সাড়ে ১২ টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত ডাক্তার মেডিকেল অফিসার কাজী সোনিয়া তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার এসআই মফিজুল ইসলাম জানান, শিশু রাব্বি হালদারকে দীর্ঘ সময় ধরে পাওয়া না গেলে স্বজনরা সংশ্লিষ্ট থানায় অবগত করেন। পরে পুলিশ ও মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে ছুটে যায়।

তবে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে রাব্বিকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।