বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে নিজেদের মাঠে মোটেও ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সব ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছে দেশটি। বিশ্বকাপেও দশ দলের মধ্যে ছিল নবম। এমন বাজে ফলাফলের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বদল এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ওয়ানডে দলের দায়িত্ব থেকে জ্যাসন হোল্ডার ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে কার্লোস ব্র্যাথওয়েটকে সরিয়ে দুই ফরম্যাটেই নতুন অধিনায়ক করা হয়েছে কাইরন পোলার্ডকে। সোমবার ত্রিনিদাদে এক সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রিকি স্কেরিট এই ঘোষণা দেন।
পোলার্ড অবশ্য জাতীয় দলের বাইরে ছিলেন অনেক দিন। দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালে। তবে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে টি-টোয়েন্টি দলে ছিলেন। খেলেছেন তিন ম্যাচেই।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা গত সপ্তাহে বৈঠকে পোলার্ডকে অধিনায়ক করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। নিজেদের মধ্যে ভোটাভুটিতে পোলার্ডের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
পোলার্ড জাতীয় দলের জার্সিতে ১০১টি ম্যাচ খেলে ২৫.৭১ গড়ে করেছেন ২২৮৯ রান। ৩ টি সেঞ্চুরি ও ৯টি ফিফটি তার নামের পাশে। পাশাপাশি বল হাতে উইকেট ৫০টি। টি টোয়েন্টিতে ৬২ ম্যাচে ৯০৩ রান করেছেন। ব্যাটিং গড় ২১.৫০। উইকেট সংখ্যা ২৩টি। তবে কখনো টেস্ট খেলা হয়নি তার।
ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী মিশন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। ৫ নভেম্বরের থেকে দেরাদুনে শুরু হবে খেলা। সিরিজে ৩টি টি টোয়েন্টি, ওয়ানডে সহ একটা টেস্টও খেলবে দুই দল।