ব্রিটেনের পার্লামেন্ট ৫ সপ্তাহের জন্য মুলতবি

ইউরোপীয় ইউনিয়ন থেকে ৩১ অক্টোবর তারিখে বের হয়ে যেতে সম্ভাব্য সব চেষ্টা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ চেষ্টার অংশ হিসেবে আজ মঙ্গলবার থেকে পাঁচ সপ্তাহের জন্য মুলতবি করা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পার্লামেন্ট মুলতবির বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানিয়েছে এনবিসি নিউজ। মুলতবির ফলে আগামী ১৪ অক্টোবরের আগে জনসনের বিরোধিতা চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে আর কোনো তৎপরতার মধ্য দিয়ে যেতে পারবে না।

পার্লামেন্ট মুলতবিকে কেন্দ্র করে জনসনের সমালোচনা করছেন কনজারভেটিভ পার্টির অনেক সদস্য ছাড়াও বিরোধীরা। আইনপ্রণেতারা জনসনের এ পদক্ষেপকে অসাংবিধানিক ও গণতন্ত্রের মৃত্যু হিসেবে আখ্যা দিয়েছেন। গতকাল সোমবার সকালে জনসন ডাবলিনে যান আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকারের সঙ্গে কথা বলতে। গতকাল সকালে জনসন বলেন, ‘চুক্তি হোক তা আমি চাই। আপনাদের মতো আমিও চুক্তিহীন ব্রেক্সিটের দিকে সতর্কভাবে তাকিয়ে আছি। এর পরিণতি আমাদের দেশের জনগণকে ভোগ করতে হবে।’